পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: ধরাশায়ী তৃণমূল, নিজের আসনেই হারলেন মমতা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণে এক অভাবনীয় পটপরিবর্তন ঘটেছে। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয়লাভ করে একক শক্তিতে সরকার গঠন করতে যাচ্ছে পদ্ম শিবির। অন্যদিকে, ভরাডুবি হয়েছে তৃণমূলের; তারা পেয়েছে মাত্র ৮১টি আসন।
এই নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। নিজের দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে তিনি বিজেপি প্রার্থী ও সাবেক রাজনৈতিক সতীর্থ শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
গতকাল সোমবার ভোট গণনা শুরু হলে প্রথম কয়েক রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ এগিয়ে ছিলেন। সপ্তম রাউন্ড শেষে তাঁর লিড ছিল ১৭ হাজারেরও বেশি। তবে ১৪তম রাউন্ডের পর থেকে দৃশ্যপট বদলাতে থাকে এবং শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয় তাঁকে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে পরাজিত হওয়ার পর উপ-নির্বাচনে জিতে এই ভবানীপুর থেকেই বিধানসভায় ফিরেছিলেন মমতা। এবারও সেই শুভেন্দুর কাছেই হার মানতে হলো তাঁকে।
২০২১ সালের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র ৭৭টি, যা এবার লাফিয়ে ২০৬-এ পৌঁছেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার বিজেপি কৌশল বদলে তৃণমূল থেকে আসা নেতাদের ওপর অতি-নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় মুখদের প্রাধান্য দিয়েছে। ব্যক্তিগত আক্রমণের বদলে উন্নয়ন, কর্মসংস্থান, উন্নত অবকাঠামো এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করেছে।
নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের ১১.৬ শতাংশ। এর মধ্যে প্রায় ২৭ লক্ষ ভোটারের আপিল এখনো ট্রাইব্যুনালে বিচারাধীন। এই বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
পূর্ব ভারতে আধিপত্য বিস্তারের যে স্বপ্ন বিজেপি দীর্ঘদিন ধরে দেখে আসছিল, এই জয়ের মাধ্যমে তা পূর্ণ হলো। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের অপেক্ষা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের এই ঢেউ ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ