রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

অনলাইন ডেস্কঃ
১১ জুন, ২০২৬ ৫:১৩ পিএম
শেয়ার করুন:
রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত কয়েকদিন ধরেই তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এর আগে তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন রাজ্যসভার সদস্য— সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক—পদত্যাগ করেন। ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ নেমে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অসন্তোষ ও বিভক্তির ইঙ্গিত দেখা যাচ্ছে। দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি নেতৃত্বের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এর প্রভাব ইতোমধ্যে জাতীয় সংসদের উচ্চকক্ষেও পড়তে শুরু করেছে।

সূত্রগুলোর দাবি, রাজ্যসভায় একযোগে দলত্যাগের মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় অসন্তুষ্ট সদস্যরা ধাপে ধাপে পদত্যাগের পথ বেছে নিচ্ছেন। রাজনৈতিক মহলের ধারণা, চলতি ও আগামী সপ্তাহে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, সেখানে কোয়েল মল্লিকের নাম অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। সে সময় তিনি রাজনীতিতে যোগদানকে দেশ ও জনগণের সেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই পদত্যাগকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।