শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব দাবি উত্থাপন করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে যা ঘটেছিল, তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক ও বেদনাবিধুর অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম ও অমানবিক অভিযান চালানো হয়েছিল, তা শুধু এ দেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বরং তা ছিল মানবতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এক জঘন্য অপরাধ।”
জামায়াত আমির আক্ষেপ প্রকাশ করে বলেন, ঘটনার এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার সম্পন্ন হয়নি। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিচ্ছে। তিনি মন্তব্য করেন, “কোনো সভ্য রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি কখনোই কাম্য হতে পারে না।”
গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যে সাংবিধানিকভাবে স্বীকৃত, সে কথা মনে করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সেই অধিকার হরণ করতে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।
তিনি অবিলম্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ