ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান, সিনিয়র সদস্য সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার দায়িত্বকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে ফরিদপুরের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করেছেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জনসেবামূলক উদ্যোগ গ্রহণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা তার নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান মোল্লা তার দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফরিদপুরের সাংবাদিকরা সবসময় তাকে সহযোগিতা করেছেন, যার ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সহজ হয়েছে।
তিনি আরও বলেন, “ফরিদপুরে সাংবাদিকতা সঠিক পথে রয়েছে। প্রেসক্লাবকে প্রাণবন্ত রাখতে হবে এবং নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।”
এ সময় তিনি উন্নয়নমূলক ও ইতিবাচক সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
শেষে তিনি বিগত সময়ে সহযোগিতার জন্য সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে তিনি ফরিদপুর প্রেস ক্লাবে এসে পৌঁছালে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাও সম্মাননা প্রদান করা হয।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ