শিক্ষাপ্রতিষ্ঠান হোক নিরাপদ ও শ্রদ্ধার ক্ষেত্র: ইসলামী ছাত্র আন্দোলন
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতির প্রতিবাদে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এসব দাবি ও কর্মসূচি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, "চট্টগ্রাম সিটি কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে চলমান সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের সংঘাত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে এবং সাধারণ শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।"
তিনি আরও বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্র, যেখানে প্রতিটি শিক্ষার্থীর মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু বর্তমানে ছাত্ররাজনীতির নামে যে ভীতি ও সহিংসতার সংস্কৃতি চলছে, তা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ধ্বংস করে দিচ্ছে। অতীতের অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।"
সংবাদ সম্মেলন থেকে সহিংসতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। এ সময় সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুই দফার কর্মসূচি ঘোষণা করা হয়:
১. ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার): জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ‘সন্ত্রাসবিরোধী পদযাত্রা’।
২. ২৬ এপ্রিল ২০২৬ (রোববার): সারা দেশের সব ক্যাম্পাসে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীলসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ