লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

অনলাইন ডেস্কঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৫ পিএম
শেয়ার করুন:
লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সমন্বিত প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফেরত আসা বাংলাদেশিদের বড় একটি অংশ মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও অমানুষিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

দেশে পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসনকৃত প্রত্যেক নাগরিককে আইওএম-এর পক্ষ থেকে প্রয়োজনীয় পথখরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

ভবিষ্যতে মানবপাচার রোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুক্তভোগীদের নিজেদের এই দুর্বিষহ বাস্তব অভিজ্ঞতার কথা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনো আটকে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর যৌথ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।