ফরিদপুরে একাধিক বিয়ে ও প্রেমের ফাঁদে প্রতারণার অভিযোগে অভিযুক্ত নারী চাকরিচ্যুত
ফরিদপুরে বউঘাটা নিখুর্দি গ্রামের বাসিন্দা সাদিয়া আক্তার নামে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রেমের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তিনি কৌশলে সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে নানা অজুহাতে টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের কাছ থেকে ৬০ হাজার, ১ লাখ, এমনকি ২ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়েও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১০ হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযোগ করেছেন তার এক স্বামী (দ্বিতীয় স্বামী হিসেবে পরিচিত)। তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নামে সাপ্তাহিক বাংলা সংবাদ পত্রিকার প্রতিনিধি দল। তদন্তে নেমে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হয় এবং একাধিক ভুক্তভোগীর বক্তব্য সংগ্রহ করা হয়।
মহিলার প্রথম স্বামীর কাছ থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তিনি জানান, সাদিয়া আক্তার একাধিক বিয়ে করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। তার কাছ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে জানা গেছে, অভিযুক্ত সাদিয়া আক্তার ফরিদপুর ইসলামি হাসপাতালে কর্মরত ছিলেন। উত্থাপিত এসব অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “আমরা প্রতারণার শিকার হয়েছি। সম্পর্কের বিশ্বাসকে কাজে লাগিয়ে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা এই প্রতারকের সঠিক বিচার চাই।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাদিয়া আক্তারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ