গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন:
গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘শহীদ হাদি চত্বর’-এর ব্যানার খুলে ফেলে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন ক্যাম্পাসের স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তবে একপর্যায়ে অপর একদল শিক্ষার্থী নতুন টাঙানো ব্যানারটিও খুলে ফেলেন। 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের মধ্যেই দুপুরে গোবিপ্রবিতে অধ্যয়নরত স্থানীয় কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী ‘শহীদ হাদি চত্বর’-এর ব্যানারটি সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’-এর ব্যানার স্থাপন করেন। কেউ এর বিরোধিতা করলে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তারা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

পরবর্তীতে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ ব্যানারটিও খুলে ফেলা হয়। সে সময় ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সমর্থকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ব্যানার অপসারণের পর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় বলেন, “এখানে রাজনীতির কোনো বিষয় নেই। গোপালগঞ্জের এই জায়গায় ৯০০ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১ হাজার ২০০ জনের একটি পরিবার। বিষয়টি নিয়ে আমরা অনেক আগে থেকেই প্রক্টরকে জানিয়েছি। আজ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে। এমন পরিস্থিতিতে এখানেও কোনো ধরনের হামলা হতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতেই আমরা আগেভাগে এই পদক্ষেপ নিয়েছি।”

তিনি আরও বলেন, “হাদিকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছিল। আমরা সাধারণ শিক্ষার্থী ও গোপালগঞ্জবাসী চাই না এখানে কোনো রক্তপাত, ঝামেলা বা কলঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হোক। এ নিয়ে যেন আর কোনো বিতর্ক তৈরি না হয়, সেজন্যই এমনটা করা হয়েছে। কারণ, মা-মাটি নিয়ে যদি কেউ কথা বলে, তাকে কখনো ছাড় দেওয়া যায় না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।