কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে হামলা: দুই ভাইকে কুপিয়ে জখম, টাকা লুট

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১ অক্টোবর, ২০২৬ ৩:৫৯ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে হামলা: দুই ভাইকে কুপিয়ে জখম, টাকা লুট

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের দুই সহোদরকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। 

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের আরজেত আলীর চায়ের দোকানের সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

আহতরা হলেন—লালনগর গ্রামের মোঃ মাসুদ রানা (৪২) ও তাঁর ছোট ভাই মোঃ মারফত আলী (৪০)। বর্তমানে তাঁরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে স্থানীয় মোঃ রেজাউল করিম ওরফে রাজা (৫৫), মোঃ মেহেদী হাসান রাজিব (২৫) ও মোঃ শফিউল (৬০) পরস্পর যোগসাজশে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। 

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় অভিযুক্তরা দেশীয় ধারালো রামদা, হাতকুড়াল ও হাঁসুয়া নিয়ে মাসুদ রানার ওপর অতর্কিত হামলা চালায়। ১ নম্বর আসামি রেজাউল করিমের নির্দেশে মেহেদী হাসান রাজিব ধারালো হাতকুড়াল দিয়ে মাসুদ রানার মাথার পেছনে ডান পাশে কোপ দিয়ে গুরুতর জখম করেন। মাসুদ রানা মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে হত্যার উদ্দেশ্যে কপালে ফের কোপ দেওয়া হয়। এরপর শফিউল হাঁসুয়া দিয়ে তাঁর নাকের ওপর কোপ মেরে মারাত্মক জখম করেন। পরে রামদা ও কুড়ালের উল্টো পিঠ দিয়ে পিটিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়।

এ সময় মাসুদ রানার চিৎকারে তাঁকে বাঁচাতে ছোট ভাই মারফত আলী এগিয়ে এলে তাঁর ওপরও চড়াও হয় হামলাকারীরা। রেজাউল করিম রামদা দিয়ে মারফতের কপালে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে অভিযুক্ত রাজিব মারফত আলীর বুক পকেট থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

পরে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহতদের চিকিৎসা ও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মোছাঃ মৌসুমী আক্তার। তিনি এই নৃশংস হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দৌলতপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।