ধামইরহাটে খ্রিস্টধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১ অক্টোবর, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন:
ধামইরহাটে খ্রিস্টধর্ম ত্যাগ করে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

নওগাঁর ধামইরহাটে ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে খ্রিস্টধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে এবং স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন তাঁরা।

ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন—মো. আবু মুছা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাঁদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তাঁরা উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের মূল বিশ্বাস, রীতি-নীতি ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মাঝে এ ধর্মের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয়। ইসলামের সৌন্দর্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে একপর্যায়ে কোনো প্রকার প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাঁরা। 

এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে নওগাঁ জেলা আদালতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এফিডেভিট সম্পন্ন করা হয়। পরে স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁরা সমস্বরে পবিত্র কালেমায়ে শাহাদাত পাঠ করেন। ইসলামে দীক্ষিত হওয়ার পর তাঁরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইসলামের যাবতীয় বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলাম গ্রহণের অনুভূতি প্রকাশ করে মোসা. ফাতেমা বিবি বলেন, ‘কারো প্ররোচনায় নয়, নিজেদের স্বাধীন চিন্তা ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামের জীবনদর্শন আমাদের গভীরভাবে আকৃষ্ট করেছে। সবকিছু জেনে-বুঝে এবং নিশ্চিত হয়েই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী দিনগুলোতে মুসলিম সমাজের সবার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।’

এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম গ্রহণের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা নবদীক্ষিত এই পরিবারটিকে ইসলামিক জীবনযাপনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।