কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৬ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের (১১ আর ই) ব্যবস্থাপনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এ মানবিক কার্যক্রমে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে ১১ আর ই ব্যাটালিয়নের অভিজ্ঞ মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এছাড়া মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি সচেতনতা এবং সাধারণ রোগব্যাধি প্রতিরোধে স্থানীয়দের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।

সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের পক্ষে শহরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া অনেক সময় সম্ভব হয় না। ঘরের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, সেনাবাহিনীর এমন মানবিক কর্মকাণ্ড পাহাড়ে সম্প্রীতি ও আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সামগ্রিক কল্যাণে রাঙামাটি রিজিয়নের নির্দেশনায় সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।