ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত: সুস্থ হৃদযন্ত্রের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের তাগিদ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত: সুস্থ হৃদযন্ত্রের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের তাগিদ

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। 

পরে মেডিকেল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর হালদার, হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন এবং যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে অসংক্রামক ব্যাধির মধ্যে হৃদরোগ এখন অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি। তবে একটু সচেতন হলে এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনলে হৃদরোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। সুস্থ হৃদযন্ত্রের জন্য বক্তারা প্রতিদিন নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা, চর্বিযুক্ত খাবার পরিহার করে সুষম ও পরিমিত খাদ্য গ্রহণ এবং ধূমপান ও মানসিক চাপমুক্ত স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হৃদযন্ত্রের সঠিক যত্ন নিতে সবার প্রতি আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।