বোয়ালমারীর বহুল আলোচিত ইব্রাহীম হত্যা মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীর বহুল আলোচিত ইব্রাহীম হত্যা মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত ইব্রাহীম (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত বছরের ২০ নভেম্বর রাতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম ও তার চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকার একটি হোটেলে রাতের খাবার খেতে বসেন। খাবার শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে আসা ৭-৮ জন দুর্বৃত্ত নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপহরণের পর দুর্বৃত্তরা তাদের হাত-পা ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে হোসেনকে একটি অজ্ঞাত স্থানে ফেলে দিয়ে ইব্রাহীমকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নির্মমভাবে ইব্রাহীমকে হত্যার পর মরদেহ বোয়ালমারী থানার বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকেরা।

এ নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচন (রিকুইজিশন) অনুযায়ী আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৬-এর একটি যৌথ দল ঝিনাইদহ সদর এলাকায় অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।