নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: আটক ১৭১, মুচলেকায় ছাড়া পেল ১৬০ জন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: আটক ১৭১, মুচলেকায় ছাড়া পেল ১৬০ জন

নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬০ জনকে সংশোধনের সুযোগ দিয়ে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তবে গুরুতর অপরাধে জড়িত থাকায় বাকি ১১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে ২৫টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কোম্পানীগঞ্জ থানায় ১০ জন এবং সোনাইমুড়ী থানায় ২২ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। তবে অপরাধের মাত্রা বিবেচনায় কোম্পানীগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। একইভাবে সোনাইমুড়ী থানায় তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া অন্যান্য থানাগুলোর মধ্যে সুধারাম মডেল থানা ও দ্বীপ উপজেলা হাতিয়া থানায় ২৯ জন করে, সেনবাগ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, কবিরহাট থানায় ১১ জন, চরজব্বর থানায় ১০ জন এবং চাটখিল থানায় আটজনকে পরিবারের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, “কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও সমাজে তাদের অপরাধপ্রবণতা রোধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ-নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কেবল পুলিশি অভিযানই যথেষ্ট নয়; এজন্য অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।