নগরকান্দায় তিন দশকেও সংস্কার হয়নি মাটির রাস্তা: চরম দুর্ভোগে ১০ পরিবার ও মুসল্লিরা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৩ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় তিন দশকেও সংস্কার হয়নি মাটির রাস্তা: চরম দুর্ভোগে ১০ পরিবার ও মুসল্লিরা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দীর্ঘ তিন দশকেও সংস্কারের ছোঁয়া লাগেনি প্রায় তিন শত ফুট দীর্ঘ একটি মাটির রাস্তায়। উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের এই সড়কটি পাকা না হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হাঁটু সমান কাদায় পরিণত হওয়ায় চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে জানা যায়, কোদালিয়া বোর্ড অফিসের পাকা সড়ক থেকে শুরু হয়ে ফয়সাল সাংবাদিকের বাড়ি দিয়ে ঠাকুরবাড়ি জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত প্রায় ৩০০ ফুটের এই মাটির পথটি। আশপাশের প্রায় ১০টি পরিবারের দৈনন্দিন যাতায়াত ছাড়াও এলাকার মুসল্লিরা ঠাকুরবাড়ি মসজিদে নামাজ আদায়ের জন্য নিয়মিত এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় বর্ষাকালে পানি জমে কাদা তৈরি হয়ে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিশু, বৃদ্ধ ও মসজিদে যাতায়াতকারী মুসল্লিরা। অনেক সময় কাদায় পিছলে দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৩০ বছরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে বহুবার রাস্তাটি সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হয়েছে। নির্বাচনের আগে বারবার আশ্বাসের বাণী শোনানো হলেও নির্বাচনের পর আর কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে তাদের এই দুর্ভোগ সঙ্গী করেই চলতে হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সমাজসেবক সাইফুর রহমান মহল্লাবাসীকে আশ্বস্ত করে জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘবে রাস্তাটি সংস্কারের জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। পাশাপাশি সরকারিভাবে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন।

গ্রামের ১০টি পরিবারের পাশাপাশি মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী অবসানে রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণে উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।