কাপ্তাইয়ে মাদক সম্রাজ্ঞী হোছনা আরা ও সহযোগীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা: মানববন্ধন ও প্রতিবাদ সভা

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৫ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে মাদক সম্রাজ্ঞী হোছনা আরা ও সহযোগীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা: মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাঙামাটির কাপ্তাইয়ে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ। উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ঘনিয়াখোলা এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী হোছনা আরা বেগম ও তার প্রধান সহযোগী নুরুল আমিন ওরফে রোহিঙ্গার অপতৎপরতা বন্ধ এবং তাদের অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘনিয়াখোলা মূল ফটকে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও সচেতন যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এলাকায় অবাধে মাদকের কারবার চালিয়ে আসছে, যার ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এলাকাবাসী জানান, কক্সবাজার ও বান্দরবান হয়ে কাপ্তাইয়ের রাইখালী ও ঘনিয়াখোলা সীমান্ত রুট দিয়ে এলাকায় মাদকের বড় বড় চালান আনা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় শুঁটকির বস্তায় ভরে ইয়াবা, গাঁজা ও দেশি-বিদেশি মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। এই মাদক কারবারের কারণে এলাকার শান্ত পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। ফলে স্থানীয় সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন।

প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন মো. জয়নাল আবেদীন, শাহানাস বেগম ও মো. ইয়াকুব হোসেন মাসুম প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাদক সম্রাজ্ঞী হোছনা আরা বেগম ও তার প্রধান সহযোগী নুরুল আমিন ওরফে রোহিঙ্গাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষকে সাথে নিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।