সদরপুরে ১ হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২৫ জুন, ২০২৬ ৫:৫৬ পিএম
শেয়ার করুন:
সদরপুরে ১ হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদরপুরের আয়োজনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল বাশার চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার নবনীতা নন্দী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা। এছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলদ বাগান সম্প্রসারণের লক্ষ্যে ৩০ জন কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লেবুর চারা, খুঁটি ও জৈব সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের সার্বিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র চাষিদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে এবং ফসলের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উপকরণ বিতরণ কর্মসূচিটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।