পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্প দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ মে, ২০২৬ ১১:৩৩ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্প দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে স্থগিত হয়ে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় সচল ও ত্বরান্বিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৫ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিরোজপুর জেলার তিনটি আসনের সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এলজিইডির আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আজকের এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পিরোজপুর জেলায় এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ১১টি প্রকল্পের মধ্যে ৮টি প্রকল্প অবিলম্বে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নাজিরপুর উপজেলার ‘নাজিরপুর-বৈঠাকাটা’ ১৭ কিলোমিটার সড়কটি দ্রুত নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্য মাসুদ সাঈদী বৈঠকে দাবি জানান যে, দুর্নীতির মামলা নিষ্পত্তির অপেক্ষায় না থেকে জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনে রাজস্ব বাজেট থেকে জরুরি বরাদ্দ দিয়ে যেন উন্নয়ন কাজ শুরু করা হয়। এ সময় পিরোজপুর-২ ও ৩ আসনের সংসদ সদস্যরাও তাদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন এবং উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করার দাবি জানান।

প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।" পিরোজপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন।

আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তৎকালীন সংসদ সদস্য ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বেশ কিছু প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

বৈঠকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এবং স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

পিরোজপুরবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের ফলে স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডে পুনরায় গতি ফিরবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।