'বলেশ্বর'-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা : স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুরের নেতৃত্বে রিমন- শান্ত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
May 5, 2026 - 23:34
May 5, 2026 - 23:34
'বলেশ্বর'-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা : স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুরের নেতৃত্বে রিমন- শান্ত

সাক্ষরতার হারের দিক থেকে পিরোজপুর জেলা জাতীয় পর্যায়ে বেশ শক্তিশালী অবস্থানে থাকলেও, উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়ে গেছে বড় ধরনের শূন্যতা। এই সংকট নিরসনে এবং জেলার শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার আগ্রহ ও সচেতনতা তৈরির লক্ষ্যে ২০২৫ সাল থেকে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‍‘স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর’ (বলেশ্বর)। এই লক্ষ্য বাস্তবায়নে আজ সংগঠনটির ২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. রিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল হোসেইন শান্ত। ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলায় শিক্ষার প্রাথমিক ভিত্তি মজবুত থাকলেও উচ্চশিক্ষায় পিছিয়ে পড়ার কারণ হিসেবে যথাযথ দিকনির্দেশনার অভাবকে চিহ্নিত করেছে বলেশ্বর। সংগঠনের নেতারা জানান, অনেক মেধাবী শিক্ষার্থী পর্যাপ্ত তথ্যের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মতো শীর্ষ প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি নিতে সাহস পায় না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটি নিয়মিত পিরোজপুরের বিভিন্ন কলেজে সেমিনার আয়োজন করছে। সেখানে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার গাইডলাইন এবং স্কলারশিপ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, তারা পিরোজপুরের তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সংগঠনের পক্ষ থেকে ইতিধ্যেই জেলার বিভিন্ন কলেজে সফলভাবে সেমিনার সম্পন্ন করা হয়েছে। 

নবনির্বাচিত সভাপতি মো. রিমন এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেইন শান্ত জানান, তাঁদের মূল লক্ষ্য হবে জেলার প্রতিটি প্রান্তে উচ্চশিক্ষার আলো পৌঁছে দেওয়া। নতুন কমিটি দ্রুত পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পর পিরোজপুরের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মে এনে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হবে।

পিরোজপুরের সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাই-বোনদের এই সুসংগঠিত প্রয়াস জেলার উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে এবং মেধা বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow