দৈনিক খোলাচোখ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন: নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Mar 7, 2026 - 19:04
দৈনিক খোলাচোখ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন: নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় বিশ্বরোডের সরকারি জায়গা দখল করে নির্মাণ করা একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জয়বাংলা বিশ্বরোডের পাশে সরকারি জমি দখল করে ইউনুস মাতুব্বর নামে স্থানীয় এক ব্যক্তি দোকানঘর নির্মাণ করেছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ‘দৈনিক খোলাচোখ’ পত্রিকায় এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

শনিবার সকালে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। এ সময় অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় লোকজন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। নগরকান্দা উপজেলার জনগণকে সরকারি জমি দখল থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow