ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ম অমান্য করায় দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৯ জানুয়ারি, ২০২৬ ১১:১৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ম অমান্য করায় দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএসটিআইয়ের নিয়ম লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদের নেতৃত্বে পৌর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় ‘বিএসটিআই আইন-২০১৮’ এর ৩১ ধারা অনুযায়ী ‘নাসির বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকায় মালিকপক্ষকে সতর্ক করার পাশাপাশি দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, পণ্যের গায়ে কোনো লেবেলিং না থাকা এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ‘মদিনা বেকারি’ নামক আরেকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪ ধারায় প্রতিষ্ঠানটির মালিক এনামুল শেখকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালত।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।