নওগাঁ-০৬: বিএনপির প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট এবং সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।
মনোনয়নপত্র উত্তোলনের পর এক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন বুকে ধারণ করে আমরা আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় সারা দেশের মানুষ জেগে উঠেছে। এই নির্বাচন জনগণের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ইনশাআল্লাহ, ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব এবং এস এম রেজাউল ইসলাম রেজুর হাতকে শক্তিশালী করব।’’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, ‘‘দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ পেয়েছে। আত্রাই-রাণীনগরের সর্বস্তরের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি একটি নির্বাচনমুখী ও গণতান্ত্রিক দল। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য।’’
এ বিষয়ে আত্রাই উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। সকল প্রার্থী যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। একই সাথে তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
মনোনয়নপত্র উত্তোলনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, বিএনপি নেতা মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ