গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ২:১৩ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

আগামী ১৯ নভেম্বরের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে সংগঠনটির এটিই প্রথম প্রকাশ্য বিক্ষোভ কর্মসূচি, যাতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুর ১২টার দিকে শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন।

মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত একটি ব্যানার টানিয়ে দেন। এরপর তাঁরা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে দেন। এ ছাড়া বিক্ষোভকারীরা শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন।

একই সময়ে মিছিলকারীরা শহরের পৌরসভার সামনে থাকা বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে রাস্তায় জড়ো করে আগুন দেন। পাশাপাশি শহরের লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক বক্তব্য রাখেন। 

দুপুর দেড়টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন প্রান্তে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। তবে এই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।