দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা

অনলাইন ডেস্কঃ
২৫ অক্টোবর, ২০২৬ ১১:১৮ এএম
শেয়ার করুন:
দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন ‘নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডার’-এর গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদের অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন।

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী ডিলারের রেজিস্টার খাতা যাচাই করে সারের মজুদ ও বিক্রির বিষয়টি নিয়মিত তদারকি করার দায়িত্ব উপজেলা কৃষি দপ্তরের। তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজর এড়িয়ে কীভাবে এমন বিপুল পরিমাণ সার মজুদ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কৃষকদের দাবি, অতীতেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হলেও স্থায়ী কোনো নজরদারির আওতায় আনা হয়নি। ফলে অসাধু ব্যবসায়ীরা সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি ও চড়া মূল্যে বিক্রির সুযোগ পাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।