রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন:
রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান সদরের জলিলনগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুরুল ইসলাম উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলাংগাড়া গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং স্থানীয় একটি বেসরকারি বিমা কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দাপ্তরিক কাজ শেষে অফিস থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন নুরুল ইসলাম। এ সময় চট্টগ্রামমুখী ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং বেপরোয়া যান চলাচল বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ জনতা জলিলনগর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের দুপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরবর্তী সময়ে রাউজান থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

নিহত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সামির ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, এটি কেবল দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড। তিনি ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে শনাক্ত ও আটকের পাশাপাশি এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।