ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৬:৫১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সুজন ফরিদপুর জেলা কমিটি।

কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

র‍্যালি ও কেক কাটা শেষে কবি জসীমউদ্দীনের বাড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন ফরিদপুর জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন, সাইফুল ইসলাম অহিদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, রেহেনা পিয়া এবং অধ্যাপক শরীফ জাহিদ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ, সালথা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মধুখালী উপজেলা কমিটির সভাপতি নুর নবী এবং নগরকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন। এ সময় সুজনের জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিশেষে, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুজনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।