সালথায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা ও ইফতার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 14, 2026 - 21:47
Mar 14, 2026 - 21:47
সালথায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা ও ইফতার

ফরিদপুরের সালথা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক সমিতির গঠন সংক্রান্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং পুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় করের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান, রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা হক বেবী, নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বাবু, নিধিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু আক্তার, সহকারী শিক্ষক আছাদুজ্জামান ও রাকিবুল ইসলাম, রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন, বড় বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা পারভীন এবং কাকদী সজ্জনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেলায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে সালথা উপজেলা শিক্ষক সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন একটি শিক্ষক সমিতি গঠন করা প্রয়োজন। তবে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শিক্ষকের অংশগ্রহণের ভিত্তিতে গঠন করা উচিত। এতে উপজেলার শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

তারা আরও বলেন, বিচ্ছিন্নভাবে একাধিক কমিটি গঠিত হলে শিক্ষকদের মধ্যে বিশৃঙ্খলা ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে কেউ কেউ স্বঘোষিত নেতা দাবি করে এবং রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার আশঙ্কা থাকে।

এ কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে সালথা উপজেলায় সরাসরি শিক্ষকদের ভোটে নির্বাচিত একটি শিক্ষক সমিতি গঠনের দাবি জানান উপস্থিত শিক্ষকরা। এ বিষয়ে সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

পরিশেষে ইফতার মাহফিলে সালথা উপজেলা, দেশের শিক্ষক সমাজ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow