ভাঙ্গায় স্কুলছাত্রী নববধূর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

ইমরান মুন্সী (ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধিঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৮ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় স্কুলছাত্রী নববধূর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় লামিয়া আক্তার (১৪) নামের এক কিশোরী নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর মরদেহ ফেলে স্বামী কৌশলে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। 

নিহত লামিয়া আক্তার উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী সাহাপাড়া এলাকার লিঠু মাতুব্বরের মেয়ে। সে স্থানীয় মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত স্বামীর নাম রনি শেখ, তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় লামিয়া। পরে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে সে রনি শেখের সঙ্গে পালিয়ে বিয়ে করে আত্মগোপনে চলে যায়। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করেন। এরপর থেকে লামিয়া স্বামীর বাড়িতেই সংসার করছিল।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে লামিয়ার ওপর নির্যাতন চালানো হতো। এমনকি মৃত্যুর তিন দিন আগেও স্বামী রনি তাকে শারীরিকভাবে মারধর করে। 

লামিয়ার নানা অদুত খালাসী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রোববার সন্ধ্যার পর রনির মা মোবাইল ফোনে জানায় লামিয়া মারা গেছে। খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে গিয়ে ওর নিথর দেহ পড়ে থাকতে দেখি। তবে সেখানে রনি বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি; মরদেহ ফেলে তারা আগেই সটকে পড়ে।”

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ হেফাজতে নেয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।