এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে তথাকথিত ‘ইসলামবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের বিরোধিতার মুখে ঐতিহ্যবাহী বাৎসরিক ‘বিচারগান’ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে সংঘাত এড়াতে পুলিশ অনুষ্ঠানটি স্থগিত করে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামের ইসলাম সিপাহির বাড়িতে অবস্থিত ‘আশেকপাক দরবার শরীফে’ এই গানের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শনিবার অনুষ্ঠানটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে সদরপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম সিপাহির বাড়িতে আশেকপাক দরবার শরীফকে কেন্দ্র করে গত প্রায় এক দশক ধরে নিয়মিতভাবে বাৎসরিক বিচারগানের আয়োজন হয়ে আসছিল। তবে স্থানীয় আলেম ও ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষ বিচারগানের নামে ইসলামবিরোধী কার্যকলাপ পরিচালনার অভিযোগ তোলে। শুক্রবার সন্ধ্যায় গানের আসরকে কেন্দ্র করে আয়োজক ও বিরোধিতাকারীদের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, গান বন্ধের দাবিতে তৌহিদি জনতার পক্ষে স্থানীয় মাওলানা মামুনুর রশিদ (৫৬) সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
আয়োজক ও আশেকপাক দরবারের পরিচালক ইসলাম সিপাহির ছেলে ইকরাম সিপাহি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এই গানের আসর হয়ে আসছে। কিন্তু গত দুই বছর ধরে স্থানীয় কিছু আলেম এবং পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচরের কিছু লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আয়োজনে বাধা সৃষ্টি করছেন।”
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, “গত বছরও স্থানীয় হুজুরদের আপত্তির কারণে গান হতে পারেনি, এবারও তা বন্ধ করে দেওয়া হলো। তবে ঠিক কী কারণে বারবার এই গান বন্ধ করা হচ্ছে, তা আমার জানা নেই।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, “বিচারগান আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে গানের অনুষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে পুলিশের নজরদারি অব্যাহত আছে।”
অক্টোবর ৬, ২০২৫
মার্চ ১২, ২০২৫
আগস্ট ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।