নগরকান্দায় ফসলের মাঠ জুড়ে হালি পেঁয়াজের আবাদ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Feb 27, 2026 - 18:38
নগরকান্দায় ফসলের মাঠ জুড়ে হালি পেঁয়াজের আবাদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চলতি মৌসুমে ফসলের মাঠজুড়ে হালি পেঁয়াজের ব্যাপক আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে মাঠ এখন সবুজের সমারোহে ভরে উঠেছে। ফলন ভালো হওয়ার উজ্জ্বল সম্ভাবনায় কৃষকদের চোখে-মুখে এখন সফলতার স্বপ্ন ও আশার হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নগরকান্দায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার হেক্টর বেশি। মূলত মাটির উর্বরতা, আবহাওয়া অনুকূলে থাকা এবং গত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে অধিক আগ্রহী হয়ে উঠেছেন। অনেক কৃষক এখন ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে লাভজনক এই পেঁয়াজ চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম বলেন, “চলতি বছর নগরকান্দায় পেঁয়াজ চাষে নতুন মাত্রা যোগ হয়েছে। গত বছরের তুলনায় আবাদি জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত আবহাওয়া চাষের উপযোগী রয়েছে। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তবে এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।”

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের বিষয়ে তিনি জানান, পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারিভাবে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ৬৮০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে উন্নত মানের শীতকালীন পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২৫ জন কৃষককে বিশেষ প্রণোদনা প্রদান করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ এখন হালি পেঁয়াজের চারা দিয়ে ঢাকা। বিশেষ করে উঁচু ও মাঝারি উঁচু জমিগুলোতে পেঁয়াজের চাষ বেশি হয়েছে। কৃষকরা নিবিড়ভাবে খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। 

স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক বছর ধরে তারা পেঁয়াজে ভালো লাভ পাচ্ছেন। বর্তমান বাজারমূল্য ও চাহিদাও ভালো। যদি আবহাওয়া শেষ পর্যন্ত ভালো থাকে এবং বাজারে ন্যায্যমূল্য বজায় থাকে, তবে চলতি মৌসুমে তারা বড় অঙ্কের মুনাফা করতে পারবেন বলে আশা করছেন। 

সংশ্লিষ্টরা মনে করছেন, ফলন ভালো হলে এবং বাজার দর কৃষকের অনুকূলে থাকলে স্থানীয় অর্থনীতিতে এর ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। নগরকান্দার এই হালি পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সরবরাহ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow