মাগুরার শালিখায় সাপের কামড়ে শিশুর মৃত্যু: কথিত ‘জিন সাপ’ আতঙ্কে কবিরাজ ডেকে ‘গ্রাম বন্ধ’

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৮ পিএম
শেয়ার করুন:
মাগুরার শালিখায় সাপের কামড়ে শিশুর মৃত্যু: কথিত ‘জিন সাপ’ আতঙ্কে কবিরাজ ডেকে ‘গ্রাম বন্ধ’

মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে কথিত ‘জিন সাপ’-এর আতঙ্ক। স্থানীয়দের দাবি, শিশুটির মৃত্যুর পর থেকে গ্রামের অন্তত ১৬ থেকে ১৭ জন এই কথিত সাপের কামড়ের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে ভীতি দূর করতে এবং গ্রামকে ‘সুরক্ষিত’ রাখতে কবিরাজ ডেকে পুরো গ্রাম ‘বন্ধ’ (লোকজ সুরক্ষাবলয়) করার উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ছান্দড়া গ্রামের মিঠুন মোল্যার ১০ বছর বয়সী ছেলে আবির সাপের কামড়ে মারা যায়। সে স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। আবিরের মৃত্যুর পর থেকেই গ্রামবাসীর মধ্যে ‘জিন সাপ’ নিয়ে নানা গল্প ও ভীতি ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, শিশুটির মৃত্যুর পর থেকে একের পর এক মানুষ ওই সাপের আক্রমণের শিকার হচ্ছেন। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়; সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না।

উদ্ভূত পরিস্থিতিতে ভয় ও আতঙ্ক কাটাতে শনিবার সকালে এক লোকজ আচারের আয়োজন করেন স্থানীয়রা। গ্রামবাসীর উপস্থিতিতে এক ফকির-কবিরাজ এনে দোয়া-দরুদ ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত ‘গ্রাম বন্ধ’ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় পুরো এলাকায় কৌতূহল ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছান্দড়া ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, তালখড়ি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক টিপু মণ্ডল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে লাবলু মণ্ডল, অদুৎ মণ্ডল, তাহাজৎ মোল্লা, মহিন উদ্দিন, জেকের আলী, কদ্দুস সর্দার ও বিল্লাল হোসেনসহ আরও অনেকে।

এদিকে চিকিৎসাবিজ্ঞানে ‘জিন সাপ’ বা অলৌকিক সাপের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, এটি পুরোপুরি মনস্তাত্ত্বিক আতঙ্ক ও কুসংস্কার। সাপে কামড়ালে কোনো ধরনের কবিরাজি, ওঝার ঝাড়ফুঁক কিংবা ‘গ্রাম বন্ধের’ মতো অবৈজ্ঞানিক কার্যক্রমে সময় নষ্ট না করে দ্রুত রোগীকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম ও যথাযথ চিকিৎসা দেওয়ার জোর তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।