আলফাডাঙ্গায় ডেঙ্গুতে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রের

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় ডেঙ্গুতে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রের

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোহান খান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত সোহান উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলাম বিটুল খানের ছেলে। সে স্থানীয় কামারগ্রাম কাঞ্চন একাডেমির ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয় সোহান। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। 

সোহানের অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কামারগ্রাম কাঞ্চন একাডেমির সহকারী শিক্ষক মহাসীন আলম শোক প্রকাশ করে বলেন, “সোহান অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের একটি ছেলে ছিল। শ্রেণিকক্ষে তার উপস্থিতি ছিল নিয়মিত। এমন একটি নিষ্পাপ শিশুর এই অকাল প্রয়াণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই কোমলমতি শিশুর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। ডেঙ্গুর প্রকোপ রোধে এলাকায় দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।