ভাঙ্গায় ডোঙ্গা থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৩ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় ডোঙ্গা থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বর্ষার পানিতে ডোঙ্গা নিয়ে গোসল করতে গিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া হাজরাহাটি এলাকার শামীম মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে সুমাইয়া প্রতিবেশী আরেক শিশুকে সাথে নিয়ে বাড়ির পাশের প্লাবিত ফসলি জমিতে একটি ডোঙ্গা (তালগাছের তৈরি ছোট নৌকা) নিয়ে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত সুমাইয়া ডোঙ্গা থেকে ফসলি জমির গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

এ সময় সঙ্গে থাকা অপর শিশুটি দ্রুত বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানিতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে সুমাইয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।