নোবিপ্রবির সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’র নতুন কমিটি: সভাপতি জসিম, সম্পাদক শান্ত

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৮ পিএম
শেয়ার করুন:
নোবিপ্রবির সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’র নতুন কমিটি: সভাপতি জসিম, সম্পাদক শান্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য বিষয়ক সংগঠন ‘শব্দকুটির’র ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দীন সভাপতি এবং কৃষি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত রায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ফরাদিন পারভেজ ও ওশানোগ্রাফি বিভাগের মো. শফিউল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহবুবুর ইসলাম মিলি এবং সাংগঠনিক সম্পাদক পদে একই বিভাগের সুমাইয়া ইসলাম সারা নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ফার্মেসি বিভাগের মেহরাজ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে বাংলা বিভাগের মারুফ হোসেন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির বিভিন্ন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন—উচ্চারণ ও আবৃত্তি বিভাগে সমাজবিজ্ঞান বিভাগের আবৃত্তি শুভ; উপস্থাপনা, অনুষ্ঠান ও প্রশিক্ষণ বিভাগে ব্যবসায় প্রশাসন বিভাগের অর্পিতা পৌদ্দার অর্পণ এবং লেখালেখি, সম্পাদনা ও প্রকাশনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের মাজেদা বেগম।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—শ্রুতপূর্ণা মণ্ডল (শিক্ষা), হাসিবুর রহমান সরকার (এসিসিই), বুশরা আক্তার দীপালী (সমাজকর্ম), মীর মুনতাসীর (অণুজীববিজ্ঞান), সামিয়া জাহান (সমাজবিজ্ঞান), বিশাখা চৌধুরী তমা (ইইই), সারিকুল আক্তার (বাংলা), মেহেদী হাসান ইমন (বিজিই), ইমতিয়াজ হোসেন সায়েম (ব্যবসায় প্রশাসন), আব্দুল হাই (বাংলা) এবং ইয়াসিন আরাফাত (শিক্ষা)।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নতুন সভাপতি জসিম উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শব্দকুটিরের সঙ্গে আমার পথচলা। সাহিত্যচর্চাকে আরও বেগবান করতেই এ সংগঠনে যুক্ত হয়েছিলাম। আজ সংগঠন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, সবার ভালোবাসা ও সহযোগিতায় তা যথাযথভাবে পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যচর্চার পরিসর বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় ঘটিয়ে সাহিত্যের এই মেলবন্ধনকে আরও ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাব।” 

বিদায়ী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “সদ্যবিদায়ী সভাপতি মুজতাবা ফয়সাল নাঈম ভাইয়ের নেতৃত্বে বিগত দুই বছরে সংগঠনটি একটি ভঙ্গুর অবস্থা থেকে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। তাঁর এই অবদান ও ত্যাগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টায় শব্দকুটিরকে আমরা আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।”

সাধারণ সম্পাদক শান্ত রায় তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “গুরুত্বপূর্ণ এ দায়িত্ব অর্পণ করায় বিদায়ী কমিটি ও অ্যালামনাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্ববর্তী সকল গঠনমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও সুদূরপ্রসারী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও যৌথ প্রচেষ্টায় শব্দকুটিরের সার্বিক কার্যক্রমকে আমরা আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে বদ্ধপরিকর।”

নতুন এ কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি, উপস্থাপনা, লেখালেখি ও প্রকাশনাসহ সামগ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির শুভানুধ্যায়ী ও সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।