চরভদ্রাসনে স্কুলমাঠে মাদক সেবনের দায়ে ৩ শ্রমিকের কারাদণ্ড

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে স্কুলমাঠে মাদক সেবনের দায়ে ৩ শ্রমিকের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে স্কুলমাঠে বসে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার মাথাভাঙ্গা ও মৌলভীরচর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে মৌলভীরচর উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মেহেরপুরের গাংনী উপজেলার বাজারপুর গ্রামের মৃত রবিউল হকের ছেলে হাবিবুর রহমান (৪০), একই উপজেলার কোদালকাঠি গ্রামের মৃত হারেজের ছেলে আশরাফুল (৪৫) এবং ঝিনাইদহের মোবারকগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে বাবুল (৪৭)। আটক ব্যক্তিরা চরভদ্রাসনে বিভিন্ন নির্মাণকাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের জনস্বার্থমূলক মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।