মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুদিন পর মিলল মরদেহ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৮ পিএম
শেয়ার করুন:
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুদিন পর মিলল মরদেহ

নোয়াখালীর মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর মো. এরশাদ (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সন্দ্বীপ উপজেলার জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীর থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত মো. এরশাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি এরশাদ মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়িসহ বিভিন্ন মাছ ধরতেন। গত রোববার ঠেলা জাল নিয়ে তিনি সন্দ্বীপের জাহাজমারা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এরপর থেকেই পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। 

নিহতের ভগ্নিপতি মো. নুর উদ্দিন জানান, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নদীতে মাছ ধরার সময় কোনো এক পর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা মরদেহ নিয়ে ঘাটের উদ্দেশে আসছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।