মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

অনলাইন ডেস্কঃ
১৫ আগস্ট, ২০২৬ ৪:৪১ পিএম
শেয়ার করুন:
মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

ক্যারিয়ারের শুরুতেই দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে শক্ত জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একসময় নাটক ও ছোট পর্দায় নিয়মিত ব্যস্ত সময় পার করেছেন তিনি। অভিনয়ের প্রশংসার পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন নিয়েও নানা চড়াই-উতরাই ও আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বর্তমানে শোবিজের পর্দায় খুব একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী।

প্রায়ই নিজের চিন্তাভাবনা, জীবনের নানা অনুভূতি ও সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন প্রভা। সম্প্রতি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে গভীর এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি, যেখানে ফুটে উঠেছে তার জীবনের নানা অভিজ্ঞতা, বাস্তবতা এবং আত্মমর্যাদার কথা।

নিজের পোস্টে প্রভা লিখেছেন, ভালোবাসার মূল্য কখনোই মানসিক শান্তি, নিজের সত্ত্বা কিংবা মানসিক স্বাস্থ্য বিসর্জন দিয়ে হতে পারে না। স্বার্থপর সম্পর্কের দিকে ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, যারা কেবল নিজেদের প্রয়োজনে পাশে আসে, তারা কোনো উপকারে না আসলেও ভেতর থেকে মানুষকে নিঃশেষ করে দেয়। এমনকি পরিবারের মধ্যেও অনেকে থাকেন যারা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করেন, আবার কেউ কেউ পাশে থাকার পরেও চরম একাকীত্বের অনুভূতি তৈরি করেন।

সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা দূরত্ব তৈরি করাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে প্রভা বলেন, জীবন থেকে অপ্রয়োজনীয় সবকিছু সরিয়ে নেওয়া মানেই নির্মমতা বা নিষ্ঠুরতা নয়; বরং এটি সাহসিকতার এক অনন্য পরিচয়। ভণ্ডামি বা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। অনেকে ভাবতে পারে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না যে কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া নয়, শেষ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখতেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে এই অভিনেত্রী আরও লেখেন, যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসরকে সংকুচিত করে ফেলে, সেখানে কখনোই সুস্থভাবে বেড়ে ওঠা সম্ভব নয়। তাই কোনো অস্বস্তিকর সম্পর্ক বা প্রতিকূল পরিস্থিতি থেকে সরে আসা মানে কাউকে পুরোপুরি পরিত্যাগ করা নয়, বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ারই এক পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়া বা দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী বহিঃপ্রকাশ হতে পারে। 

প্রভার এই গভীর ও বাস্তবসম্মত ভাবনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।