এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে একটি পুরনো মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় দুই সহোদরের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে দুটি পরিবারের বসতঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ায় ভুক্তভোগীরা বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন।
গত ৩ আগস্ট উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মূল ব্যক্তি হলেন ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন নবাব এবং তাঁর সহযোগী যুবলীগ নেতা রঞ্জু।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর ঘোষপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন রাতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁর কর্মী রাকিবুল ইসলাম রকির (৩১) ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা রকিকে মারাত্মক মারধর করে এবং তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পরবর্তীতে থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, ওই মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য রাকিব ও তাঁর পরিবারকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছিল। এতে তারা রাজি না হওয়ায় গত ৩ আগস্ট চরঘোষপাড়া গ্রামের বাসিন্দা রাকিবের দুই ভাই ইউসুফ বিশ্বাস (৪০) ও আ. রউফ বিশ্বাসের (২৬) বাড়িতে একদল দুর্বৃত্ত নিয়ে হামলা চালানো হয়। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন নবাব ও যুবলীগ নেতা রঞ্জুর নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে বসতঘরের বেড়া কুপিয়ে তাছনছ করা হয় এবং ভেতরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়।
হামলার পর বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় ইউসুফ ও রউফ তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে অন্য এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে আর্থিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে তাঁরা থানায় নতুন করে মামলা করতে পারছেন না বলেও জানিয়েছেন।
ইউসুফের স্ত্রী সাজেদা বেগম ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, “দুর্বৃত্তরা আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে ঘটনার প্রমিত তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন নবাব বিস্তারিত কথা না বলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন। অন্যদিকে, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ব্যস্ততার কথা জানিয়ে তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন।
এপ্রিল ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।