থানচিতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবার: দুর্গম পাহাড়ে ঘরে ঘরে যাচ্ছে পুনর্বাসন সহায়তা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৮ আগস্ট, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন:
থানচিতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবার: দুর্গম পাহাড়ে ঘরে ঘরে যাচ্ছে পুনর্বাসন সহায়তা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে বিপর্যস্ত বান্দরবানের থানচি উপজেলার দুর্গম জনপদ। দুর্যোগে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় দুই হাজার হতদরিদ্র পরিবার চরম ক্ষতির শিকার হয়েছে। পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে সরাসরি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে খাদ্য ও পুনর্বাসন সহায়তা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, থানচির চারটি ইউনিয়নে মোট ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে ৬২৫টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বাকি ১,৩৭৫টি পরিবারকে সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত পরিবারগুলোর মধ্যে প্রথম ধাপে পর্যায়ক্রমে ৮৬২টি পরিবারের কাছে পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। এর আওতায় প্রতিটি পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে দেওয়া হচ্ছে ২০ কেজি চাল ও ২ কেজি আলু। বর্ষার কারণে পাহাড়ের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন বা নাজুক থাকা সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তারা সরেজমিনে দুর্গম পাড়াগুলোতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

সহায়তা কার্যক্রমের সমন্বয়ে স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীর পরামর্শ অনুযায়ী উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, কৃষি বিভাগ, স্থানীয় এনজিও এবং রাজনৈতিক সংগঠনগুলোর সহায়তায় চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। 

ইতোমধ্যে চমি পাড়ায় ১৬টি, সিংচং পাড়ায় ১৪টি, প্রেয়সিন পাড়ায় ১০টি, তংক্ষং পাড়ায় ২৫টি, নিলট পাড়ায় ৮টি, ঙুইখয় পাড়ায় ৫টি, শাহজাহান পাড়ায় ১১টি, বোর্ডিং পাড়ায় ১৬টি এবং কুংহ্লা-কাইথন এলাকায় ২২টি পরিবারসহ বেশ কয়েকটি দুর্গম পাড়ায় খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ১১০টি ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা পাচ্ছে নেপিও পাড়া পয়েন্টে।

ইতোমধ্যে বলীপাড়া ও থানচি সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শেষ হয়েছে। আজ সকালে তিন্দু ইউনিয়নের নিয়াপিউ ম্রো পাড়া, অংসাউ খিয়ান পাড়া ও মংখয় খিয়ান পাড়াসহ প্রায় ৮ থেকে ৯টি দুর্গম পাহাড়ি পাড়ায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, "বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঠিক তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সবার কাছে সহায়তা পৌঁছানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।"

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি, কৃষিজমি এবং জীবিকা হারিয়ে দিশেহারা মানুষগুলো প্রশাসনের এই সরেজমিন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন। দুর্গম পথ পাড়ি দিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ দুর্যোগ কবলিত পরিবারগুলোর সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।