এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের জেরে কলেজছাত্র সুমন শেখকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দুই দিন পর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নিজ গ্রাম বড়ভাগ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৮ জুন) বিকেলে আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের বড়ভাগ এলাকায় এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তাদের হাতে ছিল ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার কর’, ‘সুমন হত্যার বিচার চাই’ এবং ‘হত্যাকারীদের ফাঁসি চাই’—এমন বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরো গ্রাম প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, নিহতের বাবা আলাউদ্দিন শেখ, বড় ভাই শামীম শেখ, বোন সানজিদা ও সরজিনা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন নিরস্ত্র কলেজছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারা হোসাইন শেখকে ‘হাতকাটা’ আখ্যা দিয়ে এ বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল আসামি দাবি করেন এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য সব আসামিরও দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে পূর্বপরিকল্পিত হামলায় সুমন শেখকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই দিন রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী এম. এ. খালেক ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় শনিবার (২৭ জুন) রাতে নিহতের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওই গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও স্থানীয়দের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে সুমন হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৮ জুন, ২০২৬
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।