আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: অনুষ্ঠিত হলো সচেতনতামূলক মহড়া

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: অনুষ্ঠিত হলো সচেতনতামূলক মহড়া

‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি নিয়ে একটি বিশেষ ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহড়ায় আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আতিকুর রহমান দুর্যোগকালীন করণীয় বিষয়গুলো বাস্তব প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন। 

মহড়ায় বিশেষ করে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনার সহজ কৌশল শেখানো হয়। এ ছাড়া শক্তিশালী ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী সময়ে নিরাপদে আত্মরক্ষা, আটকে পড়াদের উদ্ধার তৎপরতা এবং জানমালের ঝুঁকি কমানোর নানা দিক দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “দুর্যোগ পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও আগাম প্রস্তুতি ও সচেতনতা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই দুর্যোগকালীন সময়ে আতঙ্কিত না হয়ে সঠিক নিয়মে পদক্ষেপ নিতে হবে। পরিবার ও সমাজ থেকেই এই সচেতনতা শুরু হওয়া জরুরি।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।