বোয়ালমারীতে মাদ্রাসা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৭:২০ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে মাদ্রাসা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। ঘোষপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বোয়ালমারীর স্বনামধন্য কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক আব্দুর রউফ খান একজন সজ্জন, সৎ ও শিক্ষিত মানুষ। এলাকার মানুষ তাঁর ওপর আস্থাশীল এবং মাদ্রাসার উন্নয়ন নিশ্চিত করতেই তাঁকে পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করা হয়েছে। নবমনোনীত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বক্তারা অবিলম্বে সব ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল মাদ্রাসা পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় বিভ্রান্তি ছড়াতে লিপ্ত রয়েছে। এমনকি তারা ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত নেত্রী হেলেন জেরিন খান এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের নাম জড়িয়েও মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বক্তারা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঘোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলী, ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. ইউনুস আলী এবং ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।