সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

অনলাইন ডেস্কঃ
২৩ জুন, ২০২৬ ৩:২৫ পিএম
শেয়ার করুন:
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ জুন) বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। মামলার বাদী ও সালমান শাহর মামা, চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী আলমগীর কুমকুম জানান, ধর্মীয় অনুভূতি ও সালমান শাহর ভক্তদের আপত্তির কথা বিবেচনা করে তিনি এই আবেদনটি করেছিলেন। তিনি বলেন, “সালমান শাহকে দাফন করা হয়েছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে। ইতোমধ্যে তাঁর দুইবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, যার দ্বিতীয় প্রতিবেদনে মরদেহ ‘ডিকম্পোজড’ বা পচে গেছে বলে উল্লেখ করা হয়েছিল। এছাড়া সালমানের মা ও তাঁর অসংখ্য ভক্তের এ বিষয়ে তীব্র আপত্তি রয়েছে। এমনকি তাঁর দেহাবশেষ কবর থেকে তোলা হলে ভক্তদের কেউ কেউ আত্মহননের মতো চরম পথ বেছে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এসব ধর্মীয় ও মানবিক দিক বিবেচনা করে আমরা আবেদনটি করেছিলাম এবং মাননীয় আদালত তা গ্রহণ করে পূর্বের আদেশ বাতিল করেছেন।”

এর আগে, গত ২৪ মে সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ সংক্রান্ত একটি আবেদন করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও নতুন করে ময়নাতদন্ত করার কথা ছিল। তবে বাদীপক্ষের আপত্তির কারণে আদালত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

মামলার বিবরণী অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে নিউ ইস্কাটন রোডের বাসা থেকে সালমান শাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সে সময় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল এবং সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়।

দীর্ঘদিন পর, গত বছরের ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর মধ্যরাতে তাঁর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এই হত্যা মামলায় সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং খল অভিনেতা ডনসহ মোট ১১ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।