বাস ভাড়া বাড়ানো হয়নি, বরং সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

অনলাইন ডেস্কঃ
২৫ এপ্রিল, ২০২৬ ১১:৪৫ এএম
শেয়ার করুন:
বাস ভাড়া বাড়ানো হয়নি, বরং সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়নি, বরং তা তেলের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করেছেন, ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই বিআরটিএ-র প্রজ্ঞাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাসের ভাড়া কমিয়ে দেওয়া হবে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবহনমন্ত্রী বলেন, “জ্বালানি তেলের পাচার রোধ এবং সরকারি ভর্তুকির চাপ এড়াতে সরকার দাম পুনর্নির্ধারণ করেছে। এর সঙ্গে সংগতি রেখেই বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে এই নিয়ম শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু গ্যাসের দাম বাড়েনি, তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। যদি কেউ গ্যাসচালিত বাসে বাড়তি ভাড়া আদায় করে, তবে অভিযোগ পাওয়ামাত্র কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজধানীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।”

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের অস্থিরতার কথা উল্লেখ করে গত ১৮ এপ্রিল রাতে সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানির এই দাম বৃদ্ধির প্রভাবে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে আন্তঃজেলা ও মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি কার্যকর করেছে সরকার।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, সরকার সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং পরিবহন খাতে স্বচ্ছতা বজায় রাখতে সচেষ্ট রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।