ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

বিনোদন ডেস্কঃ
Mar 29, 2026 - 13:29
ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

ঈদুল ফিতরের আমেজ ছাপিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে তৈরি হয়েছে এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক। সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির বিরুদ্ধে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এর প্রযোজক শিরিন সুলতানা। বড় বাজেটের এই ছবিটি নিয়ে এমন সংকটে পড়ায় তিনি প্রশ্ন তুলেছেন— ‘ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের?’

প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর কর্ণধার শিরিন সুলতানার অভিযোগ, ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে স্টার সিনেপ্লেক্সের গাফিলতির কারণে তিনি ও তাঁর প্রতিষ্ঠান আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ঈদের প্রথম তিন দিন ‘গোল্ডেন টাইম’ হওয়া সত্ত্বেও ডিসিপি (DCP) ত্রুটির অজুহাতে সিনেপ্লেক্সের কোনো শাখায় ‘প্রিন্স’-এর শো চালানো হয়নি। বারবার অভিযোগ করার পর চতুর্থ দিনে সমস্যার সমাধান হলেও নতুন জটিলতা দেখা দেয় সীমান্ত সম্ভার শাখায়।

শিরিন সুলতানা অভিযোগ করে বলেন, "সীমান্ত সম্ভার শাখায় টিকিট বিক্রি হয়ে হাউজফুল হওয়ার পরেও দর্শকদের বলা হয়েছে এসি নষ্ট। এসি ছাড়া ছবি দেখা সম্ভব নয়—এমন অজুহাত দেখিয়ে দর্শকদের টিকিট ফেরত দিয়ে অন্য সিনেমা দেখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।" 

এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি আরও বলেন, "সব হলের এসি ঠিক থাকলেও শুধু ‘প্রিন্স’ সিনেমার হলেই কেন সমস্যা হবে? আমরা নিজেরা হলে বসে সিনেমা দেখে নিশ্চিত হয়েছি যে কোনো ত্রুটি নেই। অথচ পরের দিন আবার ১০ থেকে ১৫ মিনিট করে গান কেটে সিনেমা চালানো হয়েছে।" এসব বিষয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে শো সমন্বয় বা ক্ষতিপূরণের দাবি জানালেও কোনো সহযোগিতা পাননি বলে জানান এই প্রযোজক।

সিনেপ্লেক্সে ভোগান্তি হলেও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘প্রিন্স’ দারুণ ব্যবসা করছে বলে নিশ্চিত করেছেন শিরিন। শুরুতে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা পরিষ্কার করে তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলের হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ইন্টারনেটের সমস্যার কারণে শো শুরু করতে কিছুটা দেরি হয়েছিল। এছাড়া সিনেমার পাইরেসি রোধে শুরু থেকেই তাঁর টিম কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সুপারস্টার শাকিব খানের নতুন এই ‘রকস্টার’ লুক ও বড় বাজেটের ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও মাল্টিপ্লেক্সের এমন অসহযোগিতায় প্রযোজক মহলে এখন হতাশার সুর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow