ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

অনলাইন ডেস্কঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ এএম
শেয়ার করুন:
ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা (Piazzale Roma) পুলিশ স্টেশনে গিয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন তিনি।

জানা গেছে, ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধেই মামলা করা হয়েছে। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে থানায় উপস্থিত ছিল। পাশাপাশি ঘটনার ভিডিওচিত্র ও প্রয়োজনীয় প্রমাণাদি ইতালির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধন স্পষ্ট জানান, ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মামলা দায়ের না করে তিনি ভেনিস ছাড়বেন না। একই সঙ্গে সোমবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্থানীয় পুলিশ তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে বলেও উল্লেখ করেন। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, বিষয়টি নিয়ে বাঁধনের সঙ্গে তার ফোনে বিস্তারিত কথা হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতালিতে বাংলাদেশ কনস্যুলেটের দুজন কর্মকর্তা ভেনিসে গিয়ে বাঁধনের সঙ্গে দেখা করেন এবং স্থানীয় পুলিশের সহায়তায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন। এছাড়া ইতালির মূলধারার গণমাধ্যমেও বাঁধনকে হেনস্তার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাঁধন এই উৎসবের আমন্ত্রিত অতিথি হওয়ায় আয়োজকদের পক্ষ থেকেও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। একই সঙ্গে বাঁধনের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ তাকে উৎসবে সুবিধাজনক সময় পর্যন্ত অবস্থানের ব্যবস্থা করে দিয়েছে।

উৎসব শেষে বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। তবে মামলার প্রয়োজনে সাক্ষ্য দিতে ভেনিসে পুনরায় উপস্থিত হতে হবে কি না—পুলিশের এমন প্রশ্নে বাঁধন জানিয়েছেন, তদন্ত ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনে তিনি যেকোনো সময় আবার সেখানে যেতে প্রস্তুত। 

উল্লেখ্য, গত সোমবার রাতে ভেনিসে একটি দল দ্বারা লাঞ্ছিত ও হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।