আগুনে পুড়ে ছাই স্বপ্ন ও পুঁজি, ১০ লাখ টাকার ঋণে দিশাহারা যুবদল নেতা ইমরুল

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম
শেয়ার করুন:
আগুনে পুড়ে ছাই স্বপ্ন ও পুঁজি, ১০ লাখ টাকার ঋণে দিশাহারা যুবদল নেতা ইমরুল

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্মরণকালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ী মোহাম্মদ ইমরুল হাসান। আগুনে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। একদিকে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে শূন্য হাত, অন্যদিকে মাথায় প্রায় ১০ লাখ টাকার ব্যাংকঋণের বোঝা—সব মিলিয়ে এখন চরম অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটছে আলফাডাঙ্গা উপজেলা যুবদলের এই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার ফলিয়া বাজারে একটি পাটের গুদাম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের গুদাম ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ততক্ষণে বাজারে থাকা আটটি পাটের গুদাম ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় তিন হাজার মণ পাটসহ বিভিন্ন কৃষিপণ্য ও মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের একজন মোহাম্মদ ইমরুল হাসান। আগুনে তাঁর গুদামে মজুত করে রাখা প্রায় ১৫০ মণ পাট, ২০০ মণ পেঁয়াজ, ৫০ মণ রসুন এবং ৪০ মণ চালসহ বিপুল পরিমাণ পণ্য পুড়ে অঙ্গার হয়ে গেছে। 

সর্বস্ব হারিয়ে দিশাহারা ইমরুল হাসান আক্ষেপ করে বলেন, "ব্যবসাই ছিল আমার পরিবার চালানোর একমাত্র অবলম্বন। চোখের সামনে নিমেষেই সব পুড়ে ছাই হয়ে গেল। ব্যাংকে প্রায় ১০ লাখ টাকার ঋণ রয়েছে। এখন কীভাবে সংসার চলবে, আর কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করব—কিছুই ভেবে পাচ্ছি না।"

তিনি আরও জানান, এমন চরম বিপদের মুহূর্তে স্থানীয় বিএনপি, যুবদল কিংবা ছাত্রদলের নেতাকর্মীদের তিনি পাশে পাননি। তবে ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তাঁর খোঁজখবর নিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। 

এই বিপর্যয় কাটিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে দলীয় শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় প্রশাসনের মানবিক সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।