ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ সম্পন্ন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৮ মে, ২০২৫ ১২:৫৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলা মিনি হল রুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

তিন দিনের এ মেলার দ্বিতীয় দিনে সোমবার ছিল কুইজ প্রতিযোগিতা, যেখানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি বলেন, “জমিজমা সংক্রান্ত সেবা অনলাইনের মাধ্যমে সহজ করা হয়েছে। আগে যেখানে আবেদন নিষ্পত্তিতে তিন মাস লাগত, এখন তা হচ্ছে মাত্র ২৮ দিনে। অনলাইনে জমির কাগজ যাচাই করা যাচ্ছে—ফলে প্রতারণার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “ভূমি সেবা হয়রানিমুক্ত করতে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, রেকর্ড সংশোধন, অনলাইন পর্চা ও নকশা প্রদানসহ নানা কার্যক্রম এক ছাতার নিচে আনা হয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, “ভূমি সেবায় ডিজিটালাইজেশন এখন বাস্তবতা। সব কিছু অনলাইন ও ক্যাশলেস হয়ে গেছে। তবে যারা এখনো ডিজিটাল সেবায় অভ্যস্ত নন, তাদের জন্যই মূলত এই মেলার আয়োজন।”

এ ধরনের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি জনসচেতনতাও বৃদ্ধি পাবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।