মাগুরায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরা
২০ মে, ২০২৫ ১২:১৭ পিএম
শেয়ার করুন:
মাগুরায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মানসিক ভারসাম্যহীন ছেলে রিপন ও প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে রিপনের পরিবারের লোকজন রাজিবের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় রাজিবের ভাই আল-আমিন ধারালো ছুরি দিয়ে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় চারজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।