বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে মুখোশধারীদের গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন:
বেগমগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে মুখোশধারীদের গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

নোয়াখালীর বেগমগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে ‘মিজান স্টোর’-এ এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মিজানুর রহমান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজের মুদি দোকানে বেচাকেনায় ব্যস্ত ছিলেন মিজান। এ সময় হঠাৎ মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা অত্যন্ত কাছ থেকে মিজানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মিজানের পেটের বাঁ পাশ, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মিজানকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে গভীর রাতে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, “মিজান জামায়াতের একজন সাধারণ সমর্থক। ২০২০ সালেও স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর ওপর নৃশংস হামলা চালিয়ে মারধর শেষে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এবার রাতের আঁধারে মুখোশ পরে দোকানে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হামলাকারীরা সবাই মুখোশধারী হওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অতীতের ঘটনা বিবেচনায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরাই এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা।”

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।